দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে। সপ্তাহে তিন দিন এ রুটে দুটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউএস-বাংলা।
এ রুটে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। শনিবার, বুধবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, ওই তিন দিন প্রথম ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। একই উড়োজাহাজ সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সকাল ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
দ্বিতীয় ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে। সন্ধ্যা ৬টায় যশোর থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার সর্বনিম্ন একমুখী ভাড়া ৫ হাজার ৭৪৯ টাকা এবং ফিরতি ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব ভাড়ার সঙ্গে প্রযোজ্য কর ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে।
২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের অভ্যন্তরে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
এয়ারলাইন্সটি জানিয়েছে, বৃহত্তর যশোর অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, পর্যটন ও অন্যান্য প্রয়োজন বিবেচনায় নিয়ে এ রুটে পুনরায় ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রী চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে এ রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে।
ঢাকা-যশোর রুটের ফ্লাইটের বুকিং, সময়সূচি ও ভাড়া সম্পর্কে জানতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
এমএস/